গাজীপুরের পূবাইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দিনগত রাতে ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মেঘডুবি এলাকার মো. খোকন মিয়া (৪৪) ও মো. মোবারক হোসেন (৫৪) এবং কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের মো. মহসিন (৩৬)।
পূবাইল থানা পুলিশ জানায়, অভিযানকালে আসামিদের কাছ থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত তিনটি স্মার্টফোন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা সম্বলিত পাঁচটি প্রচারপত্র (লিফলেট) উদ্ধার করা হয়।
জব্দকৃত মোবাইলগুলোতে ‘৪০নং ওয়ার্ড কোর আওয়ামী লীগ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পাওয়া যায়, যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছিল।
এ ঘটনায় পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।