অস্ট্রেলিয়ার মাটিতে পেস তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নামা স্বাগতিকদেরও সূচনাতেই ধাক্কা দিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
আজ শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথম ৬ ওভারের মধ্যেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে চরম ব্যাকফুটে চলে যায় দল।
অসি পেসার মিচর স্টার্কের বিষাক্ত বোলিংয়ে একের পর এক সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক লিটন দাস—যাদের চারজনই রানের খাতা খুলতে ব্যর্থ হন। টপ অর্ডারে কেবল মুমিনুল হক ৫ রান করতে সমর্থ হন।
পরবর্তীতে অভিজ্ঞ মুশফিকুর রহিম (৫) ও মেহেদী হাসান মিরাজ (১১) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অধিনায়ক প্যাট কামিন্সের বোলিং তোপে তা স্থায়ী হয়নি। একপর্যায়ে ৩৯ রানে ৯ উইকেট হারিয়ে বসে সফরকারীরা, যা বাংলাদেশের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জাজনক অতীতকে মনে করিয়ে দিচ্ছিল।
তবে শেষদিকে শরিফুল ইসলামের ১৯ বলে অপরাজিত ১৪ রানের ক্যামিওতে ভর করে দলীয় স্কোর ৫০ পার করে ৬৪ রান পর্যন্ত পৌঁছে। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ৫টি এবং কামিন্স ৩টি উইকেট নেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের বলে ম্যাথু রেনশ (৮) ক্যাচ তুলে দিলে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫ ওভার শেষে ১ উইকেটে ৩০ রান তুলে খেলা চালিয়ে যাচ্ছে তারা। ক্রিজে অপরাজিত রয়েছেন ট্রাভিস হেড (১৩) ও মার্নাস লাবুশেন (৪)।