ডার্ক ওয়েবে বাংলাদেশের প্রায় ৬০ লাখ নাগরিকের জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে 'ম্যাডারক্স' নামের একটি হ্যাকার গোষ্ঠী। হ্যাকারদের দাবি,
এসব তথ্য দেশের অন্যতম বৃহৎ চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের (Bdjobs) ডেটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে। তবে বিডিজবস কর্তৃপক্ষ তাদের সিস্টেম থেকে তথ্য ফাঁসের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে।
গত রোববার (২৩ আগস্ট) ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি সাইটে বিজ্ঞাপনটি পোস্ট করে হ্যাকার চক্রটি।
বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফাঁস হওয়া ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত রয়েছে।
হ্যাকাররা পুরো তথ্যের জন্য ১,০০০ মার্কিন ডলার দাবি করেছে এবং সর্বোচ্চ ৫ জন ক্রেতার কাছে এটি বিক্রির কথা জানিয়েছে।
দাবির সপক্ষে তারা ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করে, তবে সেগুলোর বেশিরভাগই ২০১১ থেকে ২০১৭ সালের পুরনো তথ্য বলে প্রতিবেদনে জানা গেছে।
তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করে বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর জানান, বিডিজবস সবসময় ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষায় সর্বোচ্চ জোর দিয়ে থাকে।
নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের তথ্য দেখার সুযোগ পেলেও তা কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রির নিয়ম নেই।
যদি কোনো প্রতিষ্ঠান এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, চাকরির প্ল্যাটফর্মগুলো সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তু।
এমন বিস্তারিত ব্যক্তিগত তথ্য অপরাধীদের হাতে পৌঁছালে ভুক্তভোগীরা ফিশিং অ্যাটাক, পরিচয় জালিয়াতি, ভুয়া চাকরির প্রলোভন ও আর্থিক প্রতারণার শিকার হতে পারেন।