ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সাথে ওই এলাকাগুলোতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য বহনও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞার সময়সীমা ও আওতাভুক্ত এলাকাসমূহ:
সময়সীমা: আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৬ আগস্ট (বুধবার) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
সীমানা সংলগ্ন এলাকা: ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
অন্যান্য সড়ক ও গলিপথ: রোকেয়া সরণি ক্রসিং থেকে বিজয় সরণি, পর্যটন ক্রসিং, ইন্দিরা রোড, মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত সীমানার অন্তর্ভুক্ত সকল রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।