মাত্র তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীকে ৫৪ বার ‘স্যার’ বলে সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেন ও প্রশাসনিক অঙ্গনে চলছে নানা ট্রোল ও রসিকতা।
গতকাল সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর কর্মকর্তাদের আলোচনার সুযোগ দেওয়া হলে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। তার তিন মিনিটের দীর্ঘ বক্তব্যে হিসাব করে দেখা যায়, তিনি মোট ৫৪ বার ‘স্যার’ শব্দটি উচ্চারণ করেছেন। কেবল সিভিল সার্জনই নন, একই সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানও এক মিনিটের বক্তব্যে অন্তত ১০ বার ‘স্যার’ সম্বোধন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তোলেন—দাপ্তরিক সৌজন্যতার সীমা ছাড়িয়ে এত সংক্ষিপ্ত সময়ে এত বিপুল সংখ্যকবার 'স্যার' বলার যৌক্তিকতা কী?
সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাকে ‘স্যার’ বলা প্রশাসনিক আদবকায়েদার অংশ হলেও তিন মিনিটে ৫৪ বার বলাটি উপস্থিত সবার কাছেই বেশ দৃষ্টিকটু ও অস্বাভাবিক লেগেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া ও বক্তব্য জানতে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।