যশোরে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২২ আগস্ট) রাতে এসব অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর সূত্র জানায়, প্রথম অভিযানটি চালানো হয় রাত পৌনে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের রাজাপুর জামতলা বাজার মোড়ে। সেখানে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মনজুরা বুড়ি,
আব্দুর রাজ্জাক, সোহেল রানা ও আব্দুল গনি নামে চারজনকে আটক করা হয়। এ বিষয়ে সংস্থাটির পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, রাত সোয়া ৯টার দিকে দ্বিতীয় অভিযানটি চালানো হয় শহরের বারান্দীপাড়া ঢাকা রোড এলাকার একটি অটোরিকশা-ইজিবাইক গ্যারেজে। সেখানে চৌকির নিচে সুকৌশলে লুকানো ৩ কেজি গাঁজাসহ মামুন হোসেন নামে এক যুবককে
আটক করে অন্য একটি দল। এই ঘটনায় উপ-পরিদর্শক মদনমোহন সাহা বাদী হয়ে পৃথক মামলা করেছেন। আটককৃত পাঁচজনকেই পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।