অসহায় প্রবীণদের জীবনের শেষ সময়টুকু যেন সুস্থভাবে ও আরামে কাটাতে পারেন, সে লক্ষ্যে উপজেলা ভিত্তিক পুনর্বাসন ও চিকিৎসাসেবার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আর্থিক সঙ্গতিসম্পন্ন ব্যবসায়ীদের সঙ্গে পাবলিক পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রবীণদের থাকা, খাওয়া ও আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার।
আজ রোববার (৩০ আগস্ট) সকালে গাজীপুরের মনিপুর এলাকায় খতিব জাহিদ মুকুল কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বেসরকারি ‘বয়স্ক পুনর্বাসন কেন্দ্র’ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপদেষ্টা আশ্রমে বসবাসরত বয়স্ক নারী ও পুরুষদের সাথে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধা, খাবারের ব্যবস্থা, নামাজের জায়গা ও কবরস্থানসহ সার্বিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
তিনি জানান, প্রবীণ নাগরিকদের কল্যাণে বর্তমান সরকার নানা মানবিক কর্মসূচি হাতে নিয়েছে। দেশের প্রতিটি উপজেলায় অসহায় প্রবীণদের জন্য আধুনিক আবাসন ও সুচিকিৎসা সুনিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে এই পুনর্বাসন কেন্দ্রটিতে ৭২ জন নারী ও ৬৮ জন পুরুষসহ মোট ১৪০ জন প্রবীণ অবস্থান করছেন। পরিদর্শনের সময় গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ঘোষণা দেন যে, ওই আশ্রমে প্রবীণদের চলাচলের অনুপযোগী রাস্তাগুলো জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত সংস্কার করে দেওয়া হবে।